ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন। ট্রাম্পের প্রতি তাঁর দীর্ঘদিনের আনুগত্য ও সমর্থনের প্রশংসা করে শুক্রবার এ নিয়োগের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘সমর্থনের ক্ষেত্রে তাঁর রেকর্ড অত্যন্ত পরিচ্ছন্ন। শুরু থেকেই তিনি একজন বিশ্বস্ত ও মেধাবী সমর্থক হিসেবে পাশে রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তিনি একই সঙ্গে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) আন্দোলনের একজন একনিষ্ঠ ভক্ত ও সদস্য।’
পেশায় আইনজীবী ক্যাটি জাকারিয়া ট্রাম্পের মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের যোগাযোগবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ক্যারোলাইন লেভিটের স্থলাভিষিক্ত হচ্ছেন। গত আগস্টে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের অন্যতম পরিচিত মুখ হিসেবে দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন লেভিট।
জাকারিয়ার পেশাগত যোগ্যতার প্রশংসা করে ট্রাম্প বলেন, তাঁর প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।